দিনাজপুরের খানসামা উপজেলায় পাকেরহাট দর্জি সমিতির ডাকে মজুরি বৃদ্ধির দাবিতে অর্নিদিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে উপজেলার অর্ধশতাধিক টেইলার্সের কয়েক শতাধিক কারিগর।

মঙ্গলবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা।

কয়েকটি সূত্রে জানা যায়, দর্জি/কারিগররা মজুরি বৃদ্ধির দাবি নিয়ে একাধিকবার মালিক পক্ষের সাথে আলোচনা করলেও এতে মালিক পক্ষ সাড়া না দিলে এই কর্মসূচীর ডাক দেয় তারা।

আন্দোলনকারী কারিগর আজিজার রহমান সাংবাদিকদের জানান, বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই তুলনায় আমাদের মজুরি বৃদ্ধি পায় নি। তাই আমরা প্রতিটি বস্ত্র তৈরির ক্ষেত্রে পূর্বের থেকে ১৫ টাকা বৃদ্ধির দাবি করে দোকান মালিকদের সঙ্গে আলোচনায় বসার জন্য আহ্বান জানাই, কিন্তু মালিক আমাদের যৌক্তিক দাবিকে মেনে না নেওয়ায় আমরা কর্মবিরতি ঘোষণা করতে বাধ্য হই।

কারিগর রনজিৎ কুমার রায় জানান যে, যতক্ষণ পর্যন্ত আমাদের এ যৌক্তিক দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে।

কয়েকজন দোকান মালিকের সাথে এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানান, আমরা এ বিষয়ে কারিগরদের সাথে আলোচনায় বসে সিদ্ধান্ত গ্রহণ করব।

উপজেলার বেশ কয়েকটি দর্জির দোকান ঘুরে দেখা যায় তাদের এই কর্মবিরতির ফলে বিপাকে পরছে দোকান মালিকেরা। ফলে অর্ডারকৃত পোশাক ডেলিভারি দিতে পারছে না।

এমআইএস