গাইবান্ধা জেলার কিশামত দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ধসে চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার বিকেল ৩টায় ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো, শাহানা খাতুন (১১), সাথী খাতুন (১২), নাজমিন খাতুন (১১) ও শাবানা আকতার (১২)। তারা সবাই ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সরকার বলেন, “বিদ্যালয়ের মূল ভবনের পাশে অকেজো একটি ভবন ছিল। হঠাৎ ক্লাস চলাকালীন সময় ওই ভবনটি ধসে পড়ে। এতে স্কুলের চার শিক্ষার্থী গুরুত্বর আহত হয়।”

তিনি আরো বলেন, “পরে পার্শ্ববর্তী বিনয়ভূষণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান ও জাহিদুল ইসলাম তাদেরকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।”

আবু বক্কর বলেন, “এর মধ্যে শাবানা আক্তারের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।

এমএইচ