বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১০ এপ্রিল) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে নোয়াখালীর কাছাকাছি একটি নদী থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। শুক্রবার (৭ এপ্রিল) রাত দেড়টায় ঢাকাগামী এমভি শুভরাজ-৯ লঞ্চে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বরিশাল নগরীর ১৯নং ওয়ার্ডের কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা ঠিকাদার শেখ আসলাম মাহমুদের ছেলে শেখ রিফাত মাহমুদ সাদ (২৭)। তিনি সরকারি ব্রজমোহন কলেজ থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছিলেন।
লঞ্চের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত শুক্রবার রাত ১টা ১৬ মিনিটে সাদ লঞ্চের দ্বিতীয় তলার রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছে। পরে রাত ১টা ৩৩ মিনিটে রেলিংয়ের ওপর উঠে ঝাঁপ দিতে গিয়ে থেমে যায়। এক পা রেলিংয়ের বাইরে দিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকে। মিনিটখানেক সময় দাঁড়িয়ে থাকার পর নদীতে ঝাঁপ দেন।
নিহতের বাবা আসলাম মাহমুদ বলেন, সাদ ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরির জন্য যাচ্ছিল। সবকিছুই স্বাভাবিক ছিল। লঞ্চে ওঠার পর গত শুক্রবার রাতেও কথা হয় ওর সঙ্গে। তবে রাত সাড়ে ১১টার পর আর মোবাইলে পাচ্ছিলাম না। শনিবার ওর কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তা আর হলো না। কী কারণে এই কাজ করল তা জানি না।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সোমবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সাদ নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ডায়েরিটি তদন্তাধীন। কোন এলাকা থেকে এবং কী কারণে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তা শনাক্তে কাজ করছে পুলিশ।
এবিএস





