ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের দ্বিতীয় জানাজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমা নামাজের পর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এসময় জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.সালেহ উদ্দিন আহমেদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, জামায়াতের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন প্রমুখ।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাউদ্দিন আহমেদ।
জানাজা শেষে তার লাশ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য রাখা হয়েছে।
এর আগে শুক্রবার ১১টা ২১ মিনিটের দিকে তার পরিবারের সিদ্ধান্তে ধানমন্ডির ৭ নম্বর রোডের ৩২ নং বাসার পাশে ‘বায়তুল আমান’ মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
সকালে তার নিজ বাসভবনের সামনে তার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড.এমাজউদ্দিন আহমেদ, ঢাবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আবু আহমেদ, পিয়াস করিমের বড় বোন তাহমিনা করিম সহ অনেকে।
যদিও এর আগে তার প্রথম জানাযা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জেএ





