নরসিংদী জেলার শিবপুর উপজেলায় এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ১১টা দিকে এ ঘটনা ঘটেছে। নিহত আবদুল হাই (৬২) বিরাজ নগর গ্রামের মৃত আবদুল হাশিমের বড় ছেলে।
পুলিশ জানায়, মুক্তিযোদ্ধা আবদুল হাই প্রতিদিনের ন্যায় বিরাজ নগর বাজারে ইউপি নির্বাচনী আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন। রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুবৃর্ত্তরা ধারলো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর অবস্থায় তাকে ফেলে রেখে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
পুলিশ আরো জানায়, নিহত মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সঙ্গে সৎভাই জাকিরের (৩৫) জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। তার ভাই জাকির চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধরাণা করা হচ্ছে।
শিবপুর মডেল থানার ওসি খন্দকার ইমাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ নিহতের সৎ ভাই জাকিরসহ খুনিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি খন্দকার।
ওএফ





