চট্টগ্রামে আয়কর মেলা থেকে গত তিন দিনে ১০৫ কোটি ১১ লাখ টাকা আয়কর জমা পড়েছে রাষ্ট্রীয় কোষাগারে। নগরীর আগ্রাবাদস্থ সরকারি কার্যভবন-২ এর মাঠে বর্ণাঢ্য আয়োজনে চলমান এই মেলায় উৎসাহ উদ্দীপনা নিয়ে করদাতারা আয়কর পরিশোধ করছে বলে জানিয়েছেন চট্টগ্রামের কর কর্মকর্তারা।
চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. দবির উদ্দিন বলেন, চট্টগ্রামে আয়কর মেলায় আমরা করদাতাদের ব্যাপক সাড়া পাচ্ছি। বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও মেলায় ৫০ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ২৪২ টাকা আয়কর জমা পড়েছে। এর আগের দিন বুধবার ৫৪ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ২৭২ টাকা এবং উদ্বোধনী দিন মঙ্গলবার ১৪ লাখ ৬৯ হাজার ৪৫৩ টাকা আয়কর জমা পড়েছিল মেলায়।
দবির উদ্দিন জানান, মেলা উদ্বোধন হওযার পর গত তিন দিনে চট্টগ্রামে করদাতাদের পরিশোধিত আয়করের পরিমাণ ১০৫ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯৬৭ টাকা।
শুক্রবার এবং আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই দুই দিনে আয়কর জমা পড়ার হার কয়েকগুন বৃদ্ধি পাবে বলে কর কর্মকর্তারা আশা প্রকাশ করেন।
মেলার মিডিয়া কর্মকর্তা সহকারী কর কমিশনার রাশেদ রেজা বলেন, আয়কর মেলায় আমরা সাধারণ ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছি। আয়কর পরিশোধ এবং অন্যান্য সেবা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষ আয়কর সম্পর্কে নানা তথ্য নিতে মেলায় আসছেন। মেলায় আগত দর্শকদের প্রয়োজনীয় সেবা দিয়ে সন্তুষ্ট করতে পারছেন কর কর্মকর্তারা।
বৃহস্পতিবার মেলার পরিসংখ্যান দিয়ে সহকারী কর কমিশনার রাশেদ রেজা জানান, চট্টগ্রামের চারটি কর অঞ্চল, জরিপ রেঞ্জ-৩, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি মিলে বৃহস্পতিবার মেলায় কর সেবা নিয়েছেন ৩০ হাজার ৪৪৮ জন। ১ হাজার ৩৬০টি রিটার্ন জমার বিপরীতে আয়কর আদায় হয়েছে ৫০ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ২৪২ টাকা। নতুন ই-টিআইএন (কর শনাক্তকারী নম্বর) নিয়েছেন ১৬২ জন, ই-টিআইএন রি-রেজিস্ট্রেশন করেছেন ৩৯ জন। এর বাইরে ১৬ জন আয়করদাতা সোনালী ব্যাংকের বুথে ই-পেমেন্টের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ১২ টাকা জমা দিয়েছেন।
মঙ্গলবার থেকে চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ এর মাঠে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় চট্টগ্রামের চারটি কর অঞ্চল ও ৮৮টি সার্কেলের জন্য পৃথক বুথ রয়েছে। এ ছাড়া নারী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডিডডড.কম, জেআই





