চট্টগ্রাম মহানগরীতে বহুতল আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে সার্সন রোডের মুখে একটি ভবনে এ দূর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সার্সন রোডের মুখে সাততলা ভবন ‘সানমার ভ্যালেন্সিয়া’র ছাদ থেকে পড়ে মারা যান লাকী আক্তার (৩৫) নামের ওই গৃহকর্মী।
লাকী আক্তার (৩৫) ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা সরওয়ার জাহানের বাসায় কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। হালিশহর থানাধীন ঈদগাঁ বৌবাজার এলাকায় থাকতেন তিনি।
ওই বাসার সদস্যদের বরাত দিয়ে কোতয়ালী থানার এসআই আজহারুল ইসলাম বলেন, ওই গৃহকর্মী কার্পেট রোদে দিতে ছাদে গিয়েছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে ভবনের ছাদের সংযোগস্থলের ফাঁকা জায়গায় টিনের ছাউনি ভেঙ্গে সে নিচে পড়ে গেছে।
ওসি মহসিন বলেন, “এটি দুর্ঘটনা মনে হলেও আমরা সবধরনের বিষয় মাথায় রেখে ঘটনা তদন্ত করছি।”
এম বিল্লাহ





