গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নবিজান বেগম (৩৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বিকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাটকেপাড়া গ্রাম থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্বামী আব্দুর রশিদকে আটক করেছে।
নিহতের পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহের জের ধরে রবিবার রাতের কোনো এক সময় স্বামীর মারপিটে মৃত্যু হয় নবিজানের। পরদিন সকালে স্ত্রী আত্মহত্যা করেছে বলে চালানোর চেষ্টা করে আব্দুর রশিদ।
বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াহেদ জানান, ঘটনাস্থল থেকে নবিজানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রুবেল/জারিফ





