গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সুশিল চন্দ্র মহন্ত (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আব্দুল হান্নান বিপুল (২০) নামে অপর এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ছোট দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সুশিল ওই গ্রামের নারায়ণ চন্দ্র মহন্তের ছেলে এবং আহত হান্নান একই গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে। হান্নানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে ওই গ্রামের এখলাছ উদ্দিনের বাড়িতে হামলা চালায় ৭/৮ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত। এসময় বাড়ি মালিকের ছেলে হান্নান ও প্রতিবেশি সুশিল বাধা দিতে গেলে দুর্বৃত্তদের এলোপাথারি অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান সুশিল। গুরুতর আহত হন হান্নান। স্থানীয়রা এগিয়ে আসার আগেই পালিয়ে যায় হামলাকারীরা।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
সাদুল্যাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
কেএইচ





