স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণে নিহত শাকিল আহমেদ বাংলাদেশের নাগরিক কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ভারতের এক সাংবাদিক ফোন করে বিষয়টি জানিয়েছেন।’
সচিবালয়ে নিজ দফতরে বুধবার দুপুর দুইটার দিকে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেছেন, ভারত কিংবা বাংলাদেশ বলে কথা নয়, জঙ্গি কার্যক্রম যারা চালানোর অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ভারত সরকারও জঙ্গিবিরোধী কার্যক্রমে সোচ্চার। সেক্ষেত্রে বাংলাদেশ ভারতকে সহায়তা করবে। বর্ধমানে বিস্ফোরণে নিহত শাকিল বাংলাদেশের নাগরিক কিনা তা এখানো নিশ্চিত হওয়া যায়নি। শাকিলের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিইডির বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে, বর্ধমান বিস্ফোরণে নিহত শাকিল আহমেদ বাংলাদেশের নাগরিক। কয়কে বছর আগে সে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ প্রবেশ করে। শাকিলের বাড়ি বাংলাদেশের ঠিক কোথায়, সে সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য তাদের হাতে নেই।
এদিকে, ঈদুল আযাহার দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তষ্ট প্রকাশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালই ছিল। সড়ক দুর্ঘটনা ও চুরি-ডাকাতির ঘটনার তেমন কোনো খবর পাওয়া যায়নি।
এমএইচ





