পূর্ব শত্রুতার জের ধরে ইসলাম প্রামানিক (৬০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামি হত্যাকারী মিলন হোসেনকে (২৯) আটক করেছে পুলিশ।

পাবনার ফরিদপুর উপজেলায় বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী ইসলাম ফরিদপুর পৌর এলাকার দক্ষিণ রাউত নাগদাহপাড়া মহল্লার মৃত জামাল উদ্দিনের ছেলে এবং আটক মিলন একই এলাকার রায়হান আলীর ছেলে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় রাউত নাগদাহপাড়া বাঁধের ওপর দাঁড়িয়ে তার প্রতিবেশির সঙ্গে কথা বলছিলেন ব্যবসায়ী ইসলাম। এ সময় মিলন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ছাড়া রাতেই অভিযান চালিয়ে উপজেলার পাঁচুরিয়াবাড়ি গ্রাম থেকে হত্যাকারী মিলনকে ধারালো দেশী অস্ত্রসহ আটক করে পুলিশ।

ওসি আরো জানান, নিহত ইসলামের সঙ্গে আটক মিলনের টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এমকে