ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হকও শোক জানিয়েছেন।

আজ শনিবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা আলাদা বার্তায় এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মিজারুল কায়েসের মৃত্যুতে দেশ একজন পেশাদার কূটনীতিককে হারালো। মিজারুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন মিজারুল কায়েস। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে সার্ক, দক্ষিণ-পূর্ব এশিয়া, অর্থনৈতিক বিষয়াবলি, আনক্লস ও বহিঃপ্রচার অনুবিভাগের দায়িত্বও পালন করেন।

তিনি যুক্তরাজ্য, মালদ্বীপের হাইকমিশনার ও রাশিয়াতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

এমবি