সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক বনদস্যু গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ বনদস্যুর নামমিন্টু (৩৩)বলে জানা যায়। এসময় গুলিবিদ্ধ মিন্টু ও তার ভাই সান্টুকে আটক করা হয়।
শনিবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের সিংহড়তলী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
মিন্টু ও সান্টু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামর আব্দুল মান্নান গাজীর ছেলে। মিন্টু সুন্দরবনের বনদস্যু জিয়া বাহিনীর সদস্য বলে জানা গেছে।
আহতদের দাবি তাদের বাড়ি থেকে গ্রেফতার করে সুন্দরবনে নিয়ে গুলি করে পুলিশ।
শ্যামনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সুন্দরবনের সিংহড়তলী এলাকায় অভিযান চালাতে যায় পুলিশ। এসময় বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
গুলিতে আহত হয় মিন্টু। পরে সেখান থেকে পুলিশ মিন্টু ও তার ভাই সান্টুকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
বন্ধুকযুদ্ধে শ্যামনগর থানার এসআই জাভিদ হাসান, এএসআই মিজান ও কনস্টেবল তোফাজ্জেল আহত হয়েছেন বলেও জানান ওসি।
তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বনদস্যুদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান ওসি।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





