পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার সকালে একটি শ্বেতপাথরের গণেশ পাগল সাধুর মূল্যবান মূর্তি উদ্ধার করেছে।
১০ ইঞ্চি উচ্চতার মূর্তিটির ওজন তিন কেজি। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) রথীন্দ্র নাথ বিশ্বাস বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি জিডি করেছেন। তবে কাউকে আটক করা যায়নি।
এসআই রথীন্দ্র নাথ বিশ্বাস জানান, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধারে মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। কিন্তু মূর্তিটি উদ্ধার করা যায়নি। পরে মূর্তিটি থানায় জমা দিতে এলাকাবাসীকে অনুরোধ জানান হয়। সোমবার সকালে ফজলুল হক মনি, হারুন অর রশিদ ও নজরুল ইসলাম মামুন মূর্তিটি থানায় হস্তান্তর করেন।
মঠবাড়িয়া পৌর শহরের মিরুখালী রোডের বাসিন্দা ফজলুল হকের স্ত্রী আকলিমা বেগম (৫০) জানান, ৫-৬ দিন আগে খালে পানি আনতে গেলে মূর্তিটি পাওয়া যায়। শনিবার দুপুরে তিন ব্যক্তি বাসায় এসে মূর্তিটি নিয়ে যায়।
মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জি এম আবুল কালাম জানান, রোববার গোপন সংবাদে জানা যায়, কোটি টাকা মূল্যের একটি মূর্তি সংঘবদ্ধ চক্রের কাছে রয়েছে। পরে তাদের চাপ প্রয়োগ করে মূর্তিটি সোমবার থানায় জমা দিতে বাধ্য করা হয়।
কেএইচ





