মাগুরা জেলার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় যশোর সড়কে যাত্রীবাহি বাস খাদে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, দুপুরে ঢাকা মেট্রো-ব ১৪১১৬৪ নম্বর যাত্রীবাহি বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে।

যশোর-মাগুরা সড়কে বেলা সাড়ে ৩ টার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে গভীর খাদের পানিতে পড়ে যায়।

খবর পেয়ে মাগুরা দমকল বাহিনীর সদস্যরা দ্রুত পৌঁছে ক্রেন দিয়ে বাসটিকে টেনে পানি থেকে উপরে তোলে।

এ সময় বাসের ভেতর থেকে ও বাসের নিচে চাপা পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করে। যাদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। 

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া ৩ জন হলেন- বাসের হেলপার মামুন হোসেন (৩০)। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ গ্রামে।

অপর ২ নারী নাজমা খাতুন (৩০) ও সহিরুন বেগম (৪৫)। নাজমা খাতুন শালিখার অনসার সর্দারের মেয়ে। সহিনুর বেগম শালিখার দীঘল গ্রামের তারিক বিশ্বাসের স্ত্রী।

এ বিষয়ে শালিখা থানার ওসি (তদন্ত) বিশারুল ইসলাম জানান, দমকলবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

সাইফুল্লাহ/এইচএন