পবিত্র ইদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ইদুল ফিতরের মতো ভিড় কমাতে কমলাপুরসহ মোট ৫ জায়গা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।

অর্ধেক বিক্রি করা হবে অনলাইনে আর বাকি অর্ধেক বিক্রি হবে টিকিট কাউন্টারে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অগ্রিম টিকেট বিক্রি করা হবে।

রাজধানী ৫ জায়গায় মধ্যে কমলাপুরসহ আছে বিমানবন্দর স্টেশন, তেজগাঁও স্টেশন, বনানী স্টেশন ও ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন)।

এর মধ্যে ঢাকার কমলাপুর স্টেশন থেকে দেওয়া হবে যমুনা সেতু হয়ে চলা সব ট্রেনের অগ্রিম টিকেট। বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকেট।

তেজগাঁও স্টেশন থেকে দেওয়া হবে ময়মনসিংহ জামালপুরগামী সব আন্তনগর ট্রেনের টিকেট। বনানী স্টেশন থেকে দেওয়া হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকেট। ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে দেওয়া হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকেট।

আজ সোমবার পাওয়া যাবে ৭ আগস্টের টিকেট, আগামীকাল মঙ্গলবার দেওয়া হবে ৮ আগস্টের টিকেট। এ ছাড়া ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট পাওয়া যাবে ১১ আগস্টের টিকেট।

এ ছাড়া ফিরতি টিকেট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী আরো জানান, একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন এবং ঈদের অগ্রিম টিকেট ফেরত নেওয়া হবে না।

জেড