গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আব্দুর রশিদ জানান, সদর, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, পালাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে জেলার সাত থানায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে। তারা সবাই বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। গ্রেফতারদের শুক্রবার দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হবে বলেও জানান তিনি।

কেএইচ