করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১৫৬ জন।
একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৩২ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬২২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তবে মঙ্গলবারের (১৫ ডিসেম্বর) তুলনায় মৃত্যু এবং শনাক্ত দুটোই কমেছে। গতকাল একদিনে মারা যান ৪০ জন। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ ছিল, আর শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮৭৭ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৩২টি। আর র্যাপিড অ্যান্টিজেনসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২৫টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হলো ত্রিশ লাখ ২২ হাজার ৫৩৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ১১ হাজার ৯৬৬টি আর বেসরকারিভাবে ছয় লাখ ১০ হাজার ৫৭১টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৫৯ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এমবি





