আশুলিয়ায় বেপরোয়াগতির একটি বাসচাপায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) একজন নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম নাজনিন আক্তার ববিতা।

আজ শনিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজনিন আক্তার ডিইপিজেডের আলফা বিডি লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর পদে কাজ করতেন।  

নাজনিন তাঁর স্বামী মো. লিখনের সাথে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আমিন মাসুদের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল থানার বোয়ালিয়া বাজার গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকা দিয়ে ওই নারী (৩০) রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বেপরোয়াগতির 'সাভার পরিবহন' নামে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল জানান, ঘাতক সাভার পরিবহনের বাসটিকেও আটকের চেষ্টা চালানো হচ্ছে।

এমবি