বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র প্রকাশ করা হয়েছে।  দেশে দারিদ্র্যের হার যেখানে ৩০ দশমিক ৭ শতাংশ, সেখানে কুষ্টিয়ায় এ হার মাত্র ৩ দশমিক ৬ শতাংশ।

সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বাস করে ঢাকা বিভাগে (৩২ দশমিক ৩ শতাংশ)। বেশি মানুষ বাস করে বলেই এ বিভাগে দরিদ্র মানুষও বেশি। আর সিলেট বিভাগে এ সংখ্যা সবচেয়ে কম (৫ দশমিক ৭ শতাংশ)। কারণ এই অঞ্চলের জনসংখ্যা কম। তবে কুড়িগ্রাম জেলায় দারিদ্র্যের হার ৬৩ দশমিক ৭ শতাংশ।

বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিশ্বব্যাংক এবং জাতিসংঘের খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) যৌথভাবে এ মানচিত্র প্রকাশ করে।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, দারিদ্র্য দূরীকরণে সরকার সঠিক পথে আছে।

উন্নয়ন সংস্থাগুলোর উদ্দেশে তিনি বলেন, আমরা ক্ষমতায় ঝুলে থাকতে চাই না। আমাদের ক্ষমতায় রাখার জন্য নয়, দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আপনারা আমাদের সহায়তা করুন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান বলেন, দেশের দরিদ্র মানুষের একটি তথ্যভান্ডার তৈরির কাজ আমরা শুরু করেছি। দারিদ্র্য মানচিত্র এ ক্ষেত্রে আমাদের সহায়তা করবে।

২০২১ সালের মধ্যে দেশ থেকে চরম দারিদ্র্য দূর করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।

ঢাকা,২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ