নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইস্পানী একরামপুর এলাকায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. সোহেল (২০) নামে এক যুবককে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে বন্দর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনারা নাজনীন এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত মো. সোহেল ইস্পানী একরামপুর এলাকার শাহবুদ্দিনের ছেলে।

বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাফীউল জানান, বন্দর গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করত সোহেল। এ অভিযোগে রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

সোহেলকে সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের সাজা প্রদান করেন।

কেএইচ