ওয়াশিংটনে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। বৈঠক চলমান সহিংসতা থেকে জনগণকে রক্ষার দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে ‘কার্যকর পথ’ খোঁজার তাগিদ দিয়েছেন বান কি মুন।

একইসঙ্গে তিনি উন্নয়নের স্বার্থে ‘দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার’ প্রয়োজনীয়তা তুলে ধরে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘গঠনমূলক’ সম্পৃক্ততার কথা বলেন তিনি।

বিএনপি-জামায়াত জোটের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ থেকে নিরীহ জনগণের সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় সরকার কাজ করছে বলে বান কি মুনকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

এ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সহিংসতা থেকে জনগণকে রক্ষার দায়িত্ব সরকারের এবং গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি শ্রদ্ধা রেখে সব দলের রাজনৈতিক কর্মকা্ল পরিচালনা করা উচিত।

বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন প্রক্রিয়া জোরদারে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন মহাসচিব। রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে জাতিসংঘের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদানের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যে বাংলাদেশকে অভিনন্দন জানান মহাসচিব বান কি মুন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বানে হোয়াইট হাউজের উদ্যোগে সহিংস উগ্রপন্থা নির্মূল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

জেআই/জেএ/ইআর