দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে চিরিরবন্দর উপজেলার উচিতপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সহকারীর নাম রাসেল আহমেদ (১৮)। তিনি নওগাঁর মহাদেবপুর থানার মহাদেবপুর গ্রামের কামরুল হাসানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে ধানবোঝাই একটি ট্রাক নওগাঁর উদ্দেশে যাচ্ছিল। ফুলবাড়ী কয়লাখনি থেকে কয়লাবোঝাই অপর ট্রাকটি দিনাজপুর শহরের উদ্দেশে আসছিল। উপজেলার উচিতপুর এলাকায় ঘন কুয়াশার মধ্যে ধানবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ধানবোঝাই ট্রাকের চালকের সহকারী রাসেল আহমেদের মৃত্যু হয়।
এ সময় দুই ট্রাকের চালক ও চালকের একজন সহকারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এইচএম





