ধর্ষণের দায়ে সিঙ্গাপুরে ১৭ বছরের জেল হয়েছে বাংলাদেশী প্রামাণিক লিটনের (২৪)।

শুক্রবার সেখানকার আদালত তার বিরুদ্ধে জেল ও ২৪ ঘা বেত্রাঘাতের রায় দেয়। এ খবর দিয়েছে সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস।

এতে বলা হয়, লিটনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, সিঙ্গাপুরের ম্যাকরিটচি রিজার্ভয়ের এলাকায় দিনের বেলায় অস্ত্রের মুখে সে এক নারীকে অপহরণ করে। পরে তাকে ধর্ষণ করে।

রিপোর্টে বলা হয়েছে, লিটন একজন নির্মাণ শ্রমিক। তার বিরুদ্ধে দু’দফা ধর্ষণ সহ আরো গুরুতর সব যৌন নির্যাতনের অভিযোগের প্রমাণ পেয়েছেন বিচারক চু হ্যান টিক। আদালতে লিটনের বিরুদ্ধে ২০ বছরের জেল ও ২৪ ঘা বেত্রাঘাতের আবেদন করা হয়েছিল।

তিন দিনের শুনানি শেষে বিচারপতি চু তার রায় ঘোষণা করেন। তবে এর আগে বৃহস্পতিবার লিটন আদালতে দাবি করে, সে ওই যুবতীকে ধর্ষণ করে নি। ওই সময় আতঙ্কে ওই যুবতী মারা গেছেন। কিন্তু আদালতে বিচারের সময় কাঠগড়ায় এসে হাজির হন ওই যুবতী।

এ সময় লিটনকে উদ্দেশ্য করে বিচারক চু বলেন, সুস্পষ্টত ধর্ষিতা মারা যান নি। যদি তা-ই যেতো তাহলে আজকের এই প্রমাণটি হতো বিশ্বের প্রথম অতিপ্রাকৃতিক বিচার। আমি তো কোন অতিপ্রাকৃতিক ঘটনা দেখতে পাচ্ছি না। আমি একজন যুবতীকে দেখতে পাচ্ছি। তিনি তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়েছেন আমাকে।

উল্লেখ্য, লিটনের শাস্তির মেয়াদ শুরু হবে তাকে গ্রেপ্তারের সময় থেকে। ওদিকে মামলায় বলা হয়েছে, বাংলাদেশের প্রামাণিক লিটন ২০১৫ সালের ৮ই ফেব্রুয়ারি বিকেলে অস্ত্রের ভয় দেখিয়ে চীনা নাগরিক ৩৯ বছর বয়সী এক যুবতীকে অপহরণ করে।

এরপর তাকে ধর্ষণ করে এবং নানা রকম যৌন নির্যাতন চালায়। দু’দিন পরেই তাকে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়। যেখানে অপরাধের ঘটনা ঘটে সেখান থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

এ ছাড়া ধর্ষিতার পোশাক থেকে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় আরো অনেক আলামত।

এমবি