ময়মনসিংহের গৌরীপুরে শ্যামল ছায়া নামে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
আজ (মঙ্গলবার) দুপুর ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
গৌরীপুর থানার এসআই রিপন চন্দ্র সরকার জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহে যাচ্ছিল। পথে মহাসড়কের রামগোপালপুর এলাকায় ময়মনসিংহ থেকে ভৈরবগামী শ্যামলছায়া নামে একটি যাত্রীবাহী বাস ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন দু’জন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে নেয়া হবে বলে জানান এসআই।
এমবি





