শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার হালচাটি এলাকায় সোমবার বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ৭-৮ বছরের একটি বন্যহাতির (পুরুষ) মৃত্যু হয়েছে।
বন্যহাতিটি দেখার জন্য মঙ্গলবার সকাল থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বন্যহাতির দল হালচাটি সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এ সময় তাদের বাধা দেয়। একপর্যায়ে হাতিরদল লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। গুলিতে বন্যহাতিটি আহত হয়। পরে হালচাটি সীমান্ত পিলার ১১০৩ এর ৩-এফ এর ১০০ গজের মধ্যে এসে হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে।
বন্যহাতির দলের অন্য সদস্যরা আহত হাতিকে সরিয়ে নেওয়ার জন্য টানা-হেঁচড়া করেও ব্যর্থ হয়। সোমবার রাতের কোনো এক সময় আহত বন্যহাতির মৃত্যু হয়। পরে বন বিভাগের পক্ষ থেকে হাতিটির ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে মাটিচাপা দেওয়া হয়।
শেরপুরের সহকারী বন সংরক্ষক মমিনুর রশিদ ও নকসী সীমান্ত ফাঁড়ির বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি কমান্ডার তোফাজ্জল হোসেন জানান, সুরতহালে হাতিটির মাথায় একটি গুলি এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কেএইচ





