নিখোঁজের দু’দিন পর টাঙ্গাইল শহরের নিরালার মোড়ের ওষুধ ব্যবসায়ী শ্যাম সুন্দর অধিকারীর (৪০) দেহের একটি অংশ রেললাইনের পাশ থেকে উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।

পাঁচ বিক্রমহাটি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মৃতদেহটির পেটের উপরের অংশ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে নিহতের পরিবার জিআরপি থানায় গিয়ে তা শনাক্ত করেন।

শ্যাম সুন্দর পৌর এলাকার প্যারাডাইস পাড়ার গোবিন্দ চন্দ্র অধিকারীর ছেলে।

নিহতের চাচাতো ভাই সুজন অধিকারী জানান, ৬ আগস্ট বিকাল সাড়ে ৫টার পর শহরের প্যারাডাইস পাড়া থেকে শ্যাম সুন্দর নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর ঘারিন্দা রেলস্টেশনে গিয়ে জানতে পারেন সদর উপজেলার পাঁচ বিক্রমহাটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি থানা পুলিশ।

এ সংবাদ পেয়ে পরিবারের লোকজন শুক্রবার সকালে জিআরপি থানায় গিয়ে মৃতদেহটি শনাক্ত করে। শ্যাম সুন্দরকে অজ্ঞাত কোনো স্থানে হত্যার পর পেট থেকে দেহের উপরের অংশ পরিকল্পিতভাবে রেললাইনের পাশে ফেলে রাখে যায় বলে পরিবারের সদস্যদের অভিযোগ।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ