মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে মাদকসেবী স্বামী আহম্মদ আলীর হাতে খুন হয়েছে স্ত্রী পারভিনা খাতুন (২২)।

পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক হয় ঘাতক স্বামী আহম্মদ আলী। সে আশরাফুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-শাশুড়ি প্রায়ই পারভিনার ওপর নির্যাতন চালাত। সকালে আবারো কলহ সৃষ্টি হয়।

গাঁজা কেনার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে আহম্মদ আলী। টাকা দিতে না চাইলে একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রীকে।

স্ত্রীকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন ও পুলিশে খবর দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঘাতক আহম্মদ আলীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। তাকে জিজ্ঞাবাদ করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

এমকে