রাজধানীর আজিমপুর ও মান্ডায় ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
আজিমপুর ইডেন কলেজের সামনে বুধবার রাত পৌনে ৮টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তারা হলেন— কনস্টেবল আবদুল মান্নান (৪৫) ও জাকির হোসেন (৩৫)। তাদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, মান্ডার কদম আলীর ঝিলপাড়ে এক রিকশাচালকের বাড়িতে ককটেল বিস্ফোরিত হয়। এতে রিকশাচালক মো. এনামুলের (১৮) দুই হাত ঝলসে যায়। তিনি ভাঙারি ব্যবসায়ী মো. মোস্তফার ছেলে।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, আহত এনামুলকে প্রথমে মুগদা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনামুল জানান, তার বাবা বুঝতে না পেরে ভাঙারির সঙ্গে একটি ককটেলও কুড়িয়ে আনেন। ভাঙারি নাড়াচাড়ার সময় সেটি হঠাৎ বিস্ফোরিত হয়।
তবে এসআই দেলোয়ার জানান, এনামুল নাশকতার কাজে ককটেলটি বহন করছিল কিনা— তা খতিয়ে দেখা হচ্ছে।
কেএইচ





