আগামী মার্চ মাসের মধ্যে খোরাকি ভাতাসহ তিন দফা দাবি পূরণের আশ্বাসে সারাদেশে নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিকরা। নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেন তারা।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে শ্রম অধিদপ্তরে রাত ১১টা পর্যন্ত শ্রম অধিদপ্তর, মালিক, শ্রমিকদের বৈঠকের পর এ সিদ্ধান্ত ঘোষণা করে শ্রমিকনেতারা।

সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক প্রতিনিধিরা।

এর আগে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাত ১২টার পর থেকে ধর্মঘট শুরু হয়। এতে সারাদেশে নৌযোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার।

উল্লেখ্য, গত বুধবার সচিবালয়ে ফেডারেশনেরে নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়- নৌপরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিস বুক দেবেন মালিক। এটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না-তা তদারকি করবে নৌ পরিবহন অধিদফতর।

এএইচ