বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী স্ত্রী মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তাকে নিজ বাসা থেকে নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন গণমাধ্যমকে বলেন, রিফাত শরীফ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী মিন্নি। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয়েছে।

উল্লেখ্য, এর আগে আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিতে গত শনিবার রাতে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

এ বিষয়ে মারুফ হোসেন জানান, সব কিছু যথাযথ তদন্তের মধ্য দিয়ে আইনানুগভাবে করা হবে। তদন্তের স্বার্থে এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। বেলা তিনটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।

পরের দিন এই ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নামে এবং চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।

জেড