ফেরি সংকট ও হঠাৎ যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানজট অব্যাহত রয়েছে। এতে দু’ঘাটে নদী পারা-পারের অপেক্ষায়  আটকা পড়েছে যাত্রীবাহীবাস, মাইক্রোবাস ও ট্রাকসহ সহস্রাধিক যানবাহন।

এতে পাটুরিয়ায় ঘাট এলাকা থেকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের উথলী পর্যন্ত ৩কিলোমিটার এলাকা জুড়ে ট্রাকের সাড়ি এবং দৌলতদিয়ায় ঘাট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত মহাসড়কের উপর দুই সাড়িতে ৪কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন। অব্যাহত এ যানজটে আটকে পড়া যানবাহন চালক, হেলপার ও  যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা অফিস সুত্রে জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত ফেরিগুলো দীর্ঘ দিনের পুরানো। এসব ফেরিগুলো নদীতে প্রবল স্রোতের বিপরীতে চলতে গিয়ে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ঘন ঘন বিকল হয়ে পড়ছে। বিকল এ ফেরিগুলোকে স্বল্প মেরামত কাজের জন্য নেয়া হয় পাটুরিয়া ঘাটে ভাসমান কারখানায় এবং বড় ধরনের মেরামতের জন্য নেয়া হয় নারায়নগঞ্জ ডকইয়ার্ডে।

বর্তমানে পাটুরিয়া ঘাটে স্থানীয় ভাসমান কারখানায় প্রতিদিন দু’চারটি ফেরি সাময়িক মেরামতে থাকছে। যেমনভাষা শহীদ বরকত ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে গত ২০ আগস্ট বুধবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে  ভাসমান কারখানায় মেরামতে রয়েছে।

এদিকে রো-রো ফেরি শাহ মখদুম বড় ধরনের মেরামত কাজের জন্য  গত ১০ আগস্ট নারায়নগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। এছাড়া কে-টাইপ ফেরি কাবেরী ও কপোতী এবং ইউটিলিটি ফেরি শাপলা-শালুক ও চন্দ্রমল্লিকা যান্ত্রিক ত্র“টির কারণে  গত ১৬ আগস্ট থেকে পাটুরিয়া মধুমতি ভাসমান কারখানায় মেরামতে রয়েছে।

এতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ৮টি রো-রো ফেরি মধ্যে ৬টি ও ৩টি কে-টাইপ ফেরি মধ্যে ১টি  এবং ৫টি ইউটিলিটি ফেরি মধ্যে ৩ টি  চলাচল করছে। মোট ১৬টি ফেরির মধ্যে ১০টি ফেরি চলাচল করছে এবং বাকী ৬টি ফেরি মেরামতে রয়েছে। ফলে এ নৌরুটে যানবাহনের তুলনায় ফেরি সংকট দেখা দিয়েছে।

এদিকে নদী ভাঙ্গনের কারণে মাওয়া রুটে গত মঙ্গলবার ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এমনিতেই পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পায়।

ফলে এ দু’ঘাটে সৃষ্ট অব্যাহত যানজট আরো বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাটুরিয়ায় ফেরি ঘাট এলাক থেকে মহাসড়কের ৩কিলোমিটার এবং দৌলতদিয়ায় ৪কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ সারি দেখা গেছে।

এদিকে পাটুরিয়া ঘাটে যানজটের কারণে পাটুরিয়া-ঢাকা মহাসড়কের উথলী এলাকায় পন্যবাহী ট্রাক আটকিয়ে দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  ফেরি স্বল্পতা এবং হঠাৎ করে গাড়র চাপ বেড়ে যাওয়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে নানা ধরনের সহস্রাধিক গাড়িনদী পারাপারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় আটকে পড়া যানবাহনের যাত্রী ও যানবাহন শ্রমিকরা  চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র ম্যানেজার বিদ্যুৎ কুমার সাহা জানান, এমনিতেই বৃহস্পতিবার ও শুক্রবার ঘাটে যানবাহনের চাপ থাকে। এরপর নদী ভাঙ্গনে মাওয়ায় ফেরি চলাচল বন্ধ এবং প্রবল স্রোতে ফেরি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। নদীতে প্রবল স্রোতের কারণে দ্বিগুণ সময় লাগায় এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিকল ফেরিগুলো সচল হয়ে ফেরির সংখ্যা বাড়লে হয়তো এ যানজট থাকবেনা বলে তিনি জানান।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ