লালমনিরহাট সদর উপজেলার ঢঢগজ এলাকায় মঙ্গলবার রাতে বাল্যবিবাহের প্রস্তুতিকালে বর ও কনের বাবাকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম জানান, উপজেলার ঢঢগজ এলাকার আব্দুস সামাদের ১২ বছর বয়সি মেয়ে ষষ্ঠ শ্রেণি পড়–য়া খোদেজা খাতুনের বিয়ের প্রস্তুতি চলছিল।

পুলিশ খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালিয়ে কনের বাবা আব্দুস সামাদ ও পার্শ্ববর্তী কাশিপুর এলাকার কলেজছাত্র বর আল মেহেদি শিমুলকে (২০) আটক করে।

ওই রাতেই লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শফিকুল ইসলামের আদালতে বর ও কনের বাবাকে হাজির করা হলে ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৪ ও ৬ ধারা মোতাবেক বরকে ১৫ দিন ও কনের বাবাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর মেহেদি শিমুল ও কনের বাবা আব্দুস সামাদকে রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।

এমকে