জামালপুরের দেওয়ানগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আব্দুল খালেক নামে এক যুবলীগ নেতা নিহত ও ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দিনগত রাত ১১টার দিকে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহত যুবলীগ নেতা আব্দুল খালেক দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন।
এই ঘটনায় আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচার শেষে বুধবার রাত ১১টার দিকে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদে বসে গল্প করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে এক দল দুর্বৃত্ত জানালা দিয়ে উপুর্যপরি গুলিবর্ষণ করে। এ সময় গুলিতে আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হন।
সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনার আলী, যুবলীগ নেতা মুসলিম উদ্দিন ও দেওয়ানগঞ্জ এ কে এম মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি গুলিবিদ্ধ হয়েছেন।
এ ঘটনার জন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলায়মান হোসেনের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন নৌকা সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী সমর্থকরা।
এ নিয়ে দেওয়ানগঞ্জে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেড





