টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী এলাকায় স্থানীয় এক বখাটে কর্তৃক তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার এক ঝালমুড়ি বিক্রেতার মেয়ে।

ধর্ষিত শিশুর বাবা ও নিকট আত্মীয়রা জানান, বিকালে শিশুটি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় তাদের পাশের বাড়ির কৃষক আলী আকবরের ছেলে বখাটে মনসুর (২২) শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে বখাটে মনসুর। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকেরা ছুটে এলে তাকে ফেলে পালিয়ে যায় সে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনার পর পরই সেখানে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে মনসুর পলাতক রয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাইকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সোবহান জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।

কেএইচ