রাজধানীর মতিঝিল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা ও মোবাইল ফোনসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করা হয়। এরা হলেন, বাবুল হোসেন, ইসরাফিল, আবুল বাশার মোল্লা, এনামুল হক, সজিব শেখ, মইনুল ইসলাম, লতিফ মিয়া ও মো. রাজন।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি চাপাতি, পাঁচটি ছোরা, ১২টি মোবাইল ফোন সেট, পাটের রশি ও নগদ ৯ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল।

এমএম