টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের তিন বছরের ছেলে রাব্বি। বুধবার সকালে উপজেলার বাক্ষ্মনশাসন নতুনভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোপালপুর উপজেলার ডাংডাইল বাকুটি গ্রামের আমজাদের ছেলে সুলতান মাহমুদ (৩২) ও তার স্ত্রী রউশন আরা বেগম (২৮)।
ঘাটাইল থানার এসআই মোহাম্মদ নুরুজ্জামান বলেন, হতাহতরা মোটরসাইকেলে জেলার গোপালপুর থেকে কালিহাতী যাচ্ছিলেন। এসময় তারা ঘাটাইল উপজেলার বাক্ষ্মনশাসন নতুনভাগ পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সুলতান মাহমুদ নিহত ও তার স্ত্রী সন্তান আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে তার স্ত্রীর মৃত্যু হয়। নিহত সুলতান মাহমুদ কালিহাতী উপজেলার বিদ্যুৎ অফিসে কাজ করতেন।
তিনি আরো বলেন, ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এমএনজে





