সারাদেশে ২০ দলীয় জোটের অবরোধের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় রাজধানীতে একের পর এক যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীর আজিমপুরের এতিমখানা মোড়ে, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা ও পল্টনের বায়তুল মোকাররম মসজিদের পাশে জাতীয় ক্রীড়া পরিষদ (এনইসি) ভবনের সামনের রাস্তায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে আজিমপুরে, পৌনে ৭টার দিকে তানজিল পরিবহনের একটি বাস এবং বায়তুল মোকাররম এলাকায় ৬টা ২০ মিনিটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বহন করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা ফরিদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আজিমপুর, ভিক্টোরিয়া পার্ক এলাকা এবং বায়তুল মোকাররম এলাকায় উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বাসে আগুন দেয়ার তথ্য জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানানো যাবে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর মিরপুর-১১ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে ওই বাসে আগুন ধরিয়ে দেয়। বাসটি মিরপুর থেকে আবদুল্লাহপুরে যাতায়াত করতো। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর সদরঘাট মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গেটের সামনে তানজিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে ওই বাসে (ঢাকা মেট্রো-জ-১১-২৩৮৪) আগুন ধরিয়ে দেয়। বাসটি সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিল।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কেএইচ





