জোড়পুর্বক গরু ছাগলের অবৈধ হাট স্থাপনকে কেন্দ্র করে নীলফামারী সদরের পলাশবাড়িতে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

শনিবার দুপুরে ওই অবৈধ গরু-ছাগলের হাটটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর নেতৃত্বে পুলিশ উচ্ছেদ করে দেয়।

অভিযোগে জানা যায়, নীলফামারী পৌরসভার গরু ছাগলের হাটটি নিলামে পেতে ব্যর্থ হয়ে প্রভাবশালী সামছুল হক সরকারী কোন অনুমোদন ছাড়াই জেলা সদরের পলাশবাড়ি নামক স্থানে নিজেই একটি অবৈধ গরু ছাগলের হাট স্থাপন করে বিভিন্ন স্থানে মাইকযোগে প্রচারণা চালায়।

পলাশবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তপন কুমার রায় জানান, ইউনিয়নের একটি পুরানা হাট পূর্বে থেকেই রয়েছে। সেখানে আরেকটি হাটের প্রয়োজন নেই। কিন্তু প্রভাবশালী এক ব্যক্তি শনিবার দুপুরে অবৈধভাবে ওই হাট স্থাপন করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী বিষয়টি নিশ্চিত করে জানান যে, অবৈধ হাট নতুন করে বসানো হলে প্রশাসন তা উচ্ছেদ করে দেয়।

 

এমআইএস।