চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন কদমতলী মোড়স্থ সিআরবি ক্রসিং ফোর স্টার রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে পাঁচ কেজি গাঁজাসহ সাগর দে (২১) ও মো. হাসেমকে (২৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।

সাগর দে কক্সবাজার চশরিয়া বরইতলীর বিরণ দের ছেলে। মো. হাসেম উখিয়া রাজা পালংয়ের আবুল হোসেনের ছেলে।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) মো. হাসান চৌধুরী জানান, কদমতলী মোড়ে শুক্রবার সকাল সাড়ে ৬টার সময় ঢাকা মেট্রো-ব-১১-০২৬৯ বাসটি থামে। বাস থেকে নেমে সাগর দে ও মো. হাসেম একটি প্লাস্টিকের বস্তা নিয়ে দ্রুত হেটে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে বস্তা থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

সিএমপির আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, তারা পেশাদার গাঁজা ব্যবসায়ী। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকা থেকে বাসে করে গাঁজা নিয়ে এসে তা চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় বেশি দামে বিক্রি করে তারা।

তাদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

জেআই