যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, কার্যকর ন্যায় বিচার প্রদানে রাষ্ট্র ব্যর্থ হলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাবে জনগণ। আর এ কারণেই জনগণ আইন হাতে তুলে নেয় এবং বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়ে। যা গণতন্ত্রের সামঞ্জস্যপূর্ণ নয়।
বুধবার সকাল ৯ টায় রাজধানীর রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুল এ ফরেনসিক হত্যা তদন্ত বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড্যান মজীনা বলেন, দেশের বিচার ব্যবস্থাকে সামনে এগিয়ে নিতে বাংলাদেশ সরকার আন্তরিক। কোন একটি হত্যা ঘটনায় আলামত, পরিষ্কার পক্ষপাতহীন ও সরাসরি আলামত ঘটনার দোষ প্রমাণে ও ন্যায় বিচার নিশ্চিতকরণে আইনী ভিত্তি প্রদান করে।
মজিনা বলেন, আমেরিকার কয়েকজন ফরেনসিক বিশেষজ্ঞ শীর্ষ আলামত নিয়ে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে বাংলাদেশে এসেছে। এদেশের ফরেনসিক বিশেষজ্ঞদের সাথে কয়েক দশকের অভিজ্ঞতা বিনিময় করবে আমেরিকান বিশেষজ্ঞরা। আমি মনে করি, 'এই অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা গতিশীল হবে। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক মো: মোখলেসুর রহমান, ডিটেকটিভ ট্রেনিং স্কুলের পরিচালক মো: শাহাদত হোসেন ও আমেরিকার ফরেনসিক বিশেষজ্ঞ মার্ক মোজেল। এসময় সিআইডি’র বিভিন্ন বিভাগের ইন্সপেক্টর ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা, জেইউ, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ





