গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকার গণপরিবহন শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন নগর মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
টানা লকডাউনে কর্মহীন হয়ে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় পড়েছেন গণপরিবহনের বিশেষ করে বাস শ্রমিকরা।
মেয়র তার ব্যক্তিগত পক্ষ থেকে নগরের বিভিন্ন এলাকারপরিবহন শ্রমিক, চালক, কন্টাকটার ও হেলপারদের প্রত্যেকের ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
শ্রমিকদের আর্থিক দূরবস্থার কথা ভেবে নিজের বাসা থেকে স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃঙ্খলভাবে তিনি তাদের নগদ অর্থ প্রদান করেছেন।
মেয়র জাহাঙ্গীর আলম বলেন, পর্যায়ক্রমে কর্মহীন হয়ে পড়া আরও অসহায় পরিবহন শ্রমিকদের পরিবার-পরিজনের কথা বিবেচনা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা মেনে লকডাউন বাস্তবায়ন করে ধৈর্য ধরে গণপরিবহন চালানো থেকে বিরত থাকার জন্য তিনি এ সময় শ্রমিকদের প্রতি অনুরোধ জানান।
এছাড়াও গণপরিবহন শ্রমিকসহ দুস্থ ও অসহায়দের জন্য আর্থিক ও খাদ্য সহায়তা করতে প্রস্তুত রয়েছেন বলে তিনি জানান।ইউএনবি
এমবি





