আজ সোমবার ফেনী সদরের ধর্মপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফেনীর ধর্মপুরে আওয়ামী লীগের এবং বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের জোয়ারকাছাড় অক্সফোর্ড কিন্ডারগার্ডেন ভোটকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।

‘নৌকা’ প্রতীকের সরকার দলীয় প্রার্থী শাহাদাত হোসেন শাকা জানান, তার সমর্থকরা কেন্দ্রের পাশে গেলে বিদ্রোহী ‘আনারস’ প্রতীকের প্রার্থী আজহারুল হক আরজুর লোকজন বেপোরোয়া গুলি ছোঁড়ে। এ সময় ৬ জন গুলিবিদ্ধ হয়। তারা দুটি প্রাইভেট কারেও অগ্নিসংযোগ করে।

অপরদিকে ‘আনারস’ প্রতীকের প্রার্থী, বর্তমান ইউপি চেয়ারম্যান আজহারুল হক আরজু জানান, সরকার দলীয় প্রার্থী শাহাদাত হোসেন শাকার লোকজন তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে তার দুই সমর্থক আহত হয়। দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর করে বলেও তিনি অভিযোগ করেন।

এদিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। তবে কেউ গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ফেনী সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. অসীম কুমার সাহা জানান, হাসপাতালে ছররা গুলিতে আক্রান্ত হয়ে চারজন ভর্তি হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

এমবি