নববর্ষে সোহাগপুরের সেই বিধবা পল্লীতে গিয়ে পান্তা-ইলিশ আর মুড়ি-মুড়কির স্বাদ ভাগাভাগি করলেন যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের কর্মীরা।

মঙ্গলবার সকালে ঢাকা থেকে যাত্রা করে বেলা আড়াইটার দিকে সোহাগপুরে পৌঁছান গণজাগরণ মঞ্চের প্রায় একশ কর্মী।

সেখানে পৌঁছেই মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের কর্মীরা একাত্তরের শহীদদের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর বাংলাদেশের জন্মযুদ্ধে স্বামীহারা নারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গণজাগরণ কর্মীরা। শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন তারা।

পরে ৩২ জন বিধবাকে উপহার সামগ্রী তুলে দেন ইমরান। শাড়ি, গামছা, বিছানার চাঁদর ও সাবানের পাশাপাশি মোয়া, মুড়ি ও সন্দেশের প্যাকেট দেওয়া হয় তাদের।

এরপর ওই নারীদের সঙ্গে বসে পান্তা-ইলিশ খান গণজাগরণ কর্মীরা।

জেআই