সেনাবাহিনীর ডাম্পার ট্রাক উল্টে রফিক আহমেদ (২৫) এবং সাকের আহমেদ (৩০) নামে ২জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সেনাসদস্যসহ আরও ৪ জন।

বান্দরবান পার্বত্য জেলার থানচি-আলিকদম সড়কে শনিবার বিকালে থানচির সাড়ে ১৯ কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর ডাম্পার ট্রাকটি আলিকদম-থানচির নতুন রাস্তা নির্মাণ করার সময় পাহাড়ি সড়কের ওপর থেকে নিচে নামছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ নির্মাণ শ্রমিক মারা যান এবং অপর ৪ জন আহত হন। নিহতরা আলিকদম উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আহতরা হলেন- সেনাবাহিনীর সদস্য ড্রাইভার আসাদ, ড্রাইভারের সহযোগী সেনাসদস্য জোসিফ এবং নির্মাণ শ্রমিক জাকিরুল ও নুরুল ইসলাম।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমকে