যশোরের মণিরামপুর উপজেলায় গণপিটুনিতে ডাকাত রহিম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলমগীর হোসেন ওরফে টেস্টার আলমগীর (২৮) নিহত হয়েছেন।
বুধবার ভোরে মণিরামপুরের সাতনল এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে।
নিহত আলমগীর উপজেলার খানপুর শেখপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির উদ্দিন জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সাতনল এলাকায় ডাকাতির প্রস্তুতির নেওয়ার সময় ডাকাত সদস্য আলমগীরকে আটক করে স্থানীয় এলাকাবাসী।
এসময় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, ঈদের আগের দিন রাতে সাতনল এলাকায় ডাকাতিকালে কলেজ ছাত্র রাজু হত্যাকাণ্ডে জড়িত ছিল আলমগীর। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





