গাজীপুর জেলার কাশিমপুর কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহজাহান মোল্লা (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামের মো. মমতাজ উদ্দিন মোল্লার ছেলে।
কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সোমবার সকাল পৌনে ৭টার দিকে শাহজাহান হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতালের চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে শাহজানকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কাপাসিয়া থানায় একটি খুনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত শাহজাহান ২০০৬ সালের ১৮ মার্চ থেকে এ কারাগারে ছিলেন। তিনি কারাগারে দুর্ধর্ষ আসামিদের ডাণ্ডাবেড়ি পরানোর কাজ করতেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল সালাম সরকার জানান, শাহজাহান মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
এমকে





