বাগেরহাটের ফকিরহাট উপজেলার দু’বারের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমানকে থাপ্পড় মেরে ব্যাপকভাবে আলোচনায় আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব রেহেনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এই আদেশ দেয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, ইউএনও মনোয়ার হোসেনকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্তের নির্দেশ দেওয় হয়েছে।
সোমবার রাত ৯টায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার সকালে ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ইউএনওর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ঘষা লাগার অভিযোগে এর আরোহী সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেছে ধরা পড়ে ওই চিত্র।
ফুটেজে দেখা যায়, ১ মার্চ বেলা ১১টা ৩২ মিনিটের দিকে মহাসড়ক ধরে ফকিরহাটের দিক দিয়ে ইউএনওর গাড়িটি ফলতিতার দিকে যাচ্ছিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটি উল্টোভাবে আবার সেখানে ফিরে আসে। মিজানুর রহমান তা দেখে তার মোটরসাইকেলটি নিয়ে দাঁড়িয়ে পড়েন। পরে ইউএনওর গাড়িটি পাশ কাটিয়ে অতিক্রম করে যাচ্ছিল। এরই মধ্যে গাড়ি থেকে চালক নেমে আসেন এবং মিজানুর রহমানের সঙ্গে তা কিছু বাক্যবিনিময় হয়।
একপর্যায়ে ইউএনও গাড়ির পেছন থেকে আনসারের পোশাক পরা এক ব্যক্তি বেরিয়ে এসে মিজানুরকে টেনে নিয়ে গাড়িতে তোলার চেষ্টা চালান। মিজানুর রহমান এ সময় গাড়িতে উঠতে না চাইলে ওই সাবেক জনপ্রতিনিধিকে ইউএনও এসে দুটি থাপ্পড় মারেন।
এইচএম





