ঝালকাঠির নলছিটিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রী ও পুলিশ জানায়, পটুয়াখালী থেকে ইমন-আপন নামে একটি যাত্রীবাহী বাস ৫০ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল।
দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাঁদে উল্টে পড়ে যায়। এতে বাসের মধ্যে থাকা কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও দু’টি শিশুকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ও বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে দুর্ঘটনা কবলিত বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। তবে এখনো বাসটি উদ্ধার করা সম্ভব হয়নি। বাসের চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
নলছিটি থানার ওসি মাকসুদুর রহমান জানান, খাঁদে পড়া বাসটি উদ্ধারের কাজ চলছে। পলাতক বাস চালককে আটকের চেষ্টা চলছে।
এমকে





