উবার, পাঠাও’র মতো অ্যাপ ভিত্তিক পরিবহন সেবা বন্ধসহ আট দফা দাবিতে ২৭ ও ২৮ ডিসেম্বর ধর্মঘট পালন করবে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
সংগঠনটি বলছে, এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘট শুরু হবে।
ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব সাখাওয়াত হোসেন দুলাল প্রথম আলোকে বলেন, কোনো কোনো গণমাধ্যমে বলা হয়েছে, সিএনজি ধর্মঘট হবে ২৭ নভেম্বর।
প্রকৃত পক্ষে এটি ২৭ ডিসেম্বর থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট থাকবে। তিনি বলেন, ধর্মঘটের আগে দাবি আদায়ে ১০ ডিসেম্বর বিআরটিএ কার্যালয়ে ঘেরাও করবেন তারা।
সিএনজি ধর্মঘট নিয়ে রাজধানীর মানুষ ব্যঙ্গাত্মক নানা মন্তব্য করছেন। ফেসবুক পেজে অনেকেই আজীবনের জন্য সিএনজি অটোরিকশা ধর্মঘট করার কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ধর্মঘটকে কেন্দ্র করে বিভিন্ন পেজ খোলা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আট দফা দাবির অন্যগুলো হলো, মেয়াদোত্তীর্ণ অটোরিকশা অপসারণ করে নতুন অটোরিকশা আনা, ঢাকায় ৫ হাজার ও চট্টগ্রামে ৪ হাজার অটোরিকশা চালকদের নামে দেওয়া, পরিবহন আইনে শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় ব্যবহারিক পরীক্ষা বন্ধ করা, সরকার নির্ধারিত জমার টাকা ঢাকায় ৯০০ ও চট্টগ্রামে ৬০০ টাকা বাস্তবায়ন করা, অবৈধ পার্কিংয়ে মামলা না দেওয়া, ঢাকায় নিবন্ধিত অটোরিকশা ঢাকা জেলার সব জায়গায় চলাচল করতে দেওয়া।
এএস





